সম্মাননা পেলেন চট্টগ্রামের রেস্টুরেন্ট ও ট্যুরিজম ব্যবসায়ী মো. আক্কাস উদ্দিন

সমাজে ইতিবাচক পরিবর্তনে অসামান্য অবদান রাখায় ‘সফলতার গল্প ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট রেস্টুরেন্ট ও ট্যুরিজম ব্যবসায়ী এবং আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন।

মঙ্গলবার রাতে প্রথমা বাংলাদেশ ইন্সপিরেশন ফোরাম (পিবিআইএফ–PBIF) এর উদ্যোগে  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বিলাসবহুল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে অনুষ্ঠিত হয় অনুপ্রেরণামূলক রিয়েলিটি প্রোগ্রাম ‘সফলতার গল্প ২০২৫’। এ আয়োজনে মো. আক্কাস উদ্দিনসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের মোট ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

রেস্টুরেন্ট ও ট্যুরিজম খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সেবামূলক অবদানের স্বীকৃতি হিসেবে মো. আক্কাস উদ্দিনকে “Outstanding Leadership in Hospitality and Tourism” ক্যাটাগরিতে গুণীজন সম্মাননা প্রদান করে পিবিআইএফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নাজরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ রবিউল আউয়াল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমা বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ ব্যবসা, বিচার বিভাগ, শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতি অঙ্গনের শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এবারের আসরে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি এবং সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে নির্বাচিত ৩০ জন গুণীজনকে ‘Medal of Success 2025’ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ‘সফলতার গল্প’ কেবল একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; বরং এটি এমন একটি অনুপ্রেরণার মঞ্চ, যেখানে সফল মানুষের জীবনের গল্প অন্যদের সামনে তুলে ধরে সাহস, আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগানো হয়। প্রতিটি সাফল্যের পেছনে যে অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম থাকে—এই বার্তাই সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

©  2019-2025 All Rights Reserved. Design By Ghost