সন্দ্বীপ চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, দুইটি বোটসহ ১০ পাচারকারী আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি নৌযানসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা সীতাকুণ্ড থানাধীন সন্দ্বীপ চ্যানেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা সিমেন্ট ও ৩৮০ বস্তা সার জব্দ করা হয়।

এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি নৌযান জব্দের পাশাপাশি ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, নৌযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালিত হবে।

©  2019-2025 All Rights Reserved. Design By Ghost