বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে টিম ডিএসসি

চট্টগ্রামসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ডিএসসি (Team DSC)। গত ৯ জুলাই থেকে শুরু হওয়া সংগঠনটির মানবিক কার্যক্রমের আওতায় চার দিনে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় মোট ২৯০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, সুপেয় পানি, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমের প্রথম দিন ৯ জুলাই চট্টগ্রাম নগরের অক্সিজেন শহীদনগর এলাকায় ৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরদিন ১০ জুলাই পশ্চিম বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় আরও ৫০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

 

১১ জুলাই টিম ডিএসসির স্বেচ্ছাসেবকরা বাঁশখালীর বাহারছড়া ও ইলশা এলাকায় ১০০টি পরিবারের মধ্যে সুপেয় পানি ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এরপর ১২ জুলাই কক্সবাজারের পেকুয়া ও টইটং এলাকায় আরও ১১০টি পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সংগঠনটির নেতারা জানান, বন্যার পানি সম্পূর্ণভাবে নেমে না যাওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ কার্যক্রমে প্রাপ্ত অনুদানের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকেরা সরাসরি মাঠে থেকে কার্যক্রম তদারকি করছেন।

 

টিম ডিএসসির পক্ষ থেকে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা সকল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, মানুষের সহযোগিতা ও ভালোবাসাই তাদের এই মানবিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি।

©  2019-2025 All Rights Reserved. Design By Ghost