আল-আরাফাহ ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব আবারও উদ্যোক্তা পরিচালকদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক পূর্বের ১২ জন উদ্যোক্তা পরিচালক এবং দুইজন স্বতন্ত্র পরিচালককে নিয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।

বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন পরিচালনা পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্থান পেয়েছেন।

এ ছাড়া পর্ষদে রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

উল্লেখ্য, কেডিএস গ্রুপের দুই শীর্ষ পরিচালক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে কানাডায় শতকোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ উঠেছিল কিছুদিন আগে। অভিযোগের কেন্দ্রে ছিল কেডিএস গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সেলিম রহমান এবং তার ভগ্নিপতি ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল। আল আরাফাহ ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শত শত কোটি টাকার খণ অনুমোদন ও উত্তোলনের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়া হযেছিল বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।

©  2019-2025 All Rights Reserved. Design By Ghost