ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দশজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪৩ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।
মারা যাওয়া দশজনের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ।
এর আগে ৬ অক্টোবরও ডেঙ্গুতে দশজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ সাত হাজার ২৫৯ জনের।