সাংবাদিকতায় এআই দক্ষতা এখন সময়ের দাবি: কাজী আবুল মনসুর
সিআরএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ২৫ সাংবাদিক
বিশ্ব গণমাধ্যমের সঙ্গে তাল মেলাতে সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ হতে হবে। সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, ফ্যাক্ট-চেকিং ও ভুয়া তথ্য শনাক্তকরণে এআইয়ের ব্যবহার সাংবাদিকতাকে আরও গতিশীল ও কার্যকর করছে। তাই আধুনিক প্রযুক্তির সঙ্গে সাংবাদিকদের খাপ খাইয়ে নেওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর।
চট্টগ্রামের আইটি প্রতিষ্ঠান ‘আইটি ক্যারিয়ার সল্যুশন’-এর সহযোগিতায় সিআরএফ সদস্যদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘এআই টুলস’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাজী আবুল মনসুর বলেন, এআইয়ের সাহায্যে বিপুল পরিমাণ নথিপত্র ও তথ্য-উপাত্ত অল্প সময়ে বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য ও যোগসূত্র বের করা সম্ভব। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম তথ্য বিশ্লেষণ, সংবাদ তৈরি ও পাঠক-দর্শকের কাছে দ্রুত তথ্য পৌঁছে দিতে এ প্রযুক্তি ব্যবহার করছে। খেলাধুলার স্কোর, শেয়ারবাজারের হালনাগাদ তথ্য ও আবহাওয়ার প্রতিবেদন তৈরিতেও স্বয়ংক্রিয় প্রযুক্তি কাজে লাগছে।
তিনি বলেন, গুজব, ডিপফেক ভিডিও ও ভুয়া ছবি শনাক্ত করার ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রযুক্তির ব্যবহারে সংবাদের সত্যতা, নির্ভুলতা ও সাংবাদিকতার নৈতিকতা নিশ্চিত করতে হবে। এআইয়ের যথাযথ ব্যবহার সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিআরএফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, আইটি ক্যারিয়ার সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, সিআরএফের নির্বাহী কমিটির সদস্য কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক আবুল কাশেম সরোজ ও দপ্তর সম্পাদক হাসান মুরাদ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে সিআরএফের ২৫ জন সদস্য অংশ নিচ্ছেন। কর্মশালায় আইটি ক্যারিয়ার সল্যুশনের পক্ষে সার্বিক সহযোগিতা করছেন হেফাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, মোহাম্মদ শাহরিয়ার, রাফায়েত ইসলাম রাফি ও তারেফুল ইসলাম রাফি।